সারাবিশ্ব

ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসাইন সুমরো এ আদেশ দেন। একই সঙ্গে তাদের কারাবাসের পরিস্থিতি নিয়ে করা আবেদন শুনানির জন্য গ্রহণযোগ্য বলেও ঘোষণা করেন আদালত।

আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার সুযোগ এবং ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

এ ছাড়া ইমরান খানকে নিয়মিত সংবাদপত্র ও বই সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রাখা হচ্ছে না এ বিষয়টি নিশ্চিত করে ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইমরান খানের বোন আলিমা খান ও বুশরা বিবির মেয়ে মুবাশরা খাওয়ার মানেকা তাদের দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ তুলে আদালতে আবেদন করেন।

তবে পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে ইমরান খান ও বুশরা বিবিকে আলাদাভাবে রাখা হয়েছে; তাদের একাকী বন্দিত্বে রাখা হয়নি।