সারাবিশ্ব

আন্দোলন করা শিক্ষক-কৃষকদের মামলা প্রত্যাহার করবে বিজয়ের সরকার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

আন্দোলন করা শিক্ষক-কৃষকদের মামলা প্রত্যাহার করবে বিজয়ের সরকার
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে আগের সরকারের আমলে শান্তিপূর্ণ আন্দোলন করা শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিধানসভায় দেওয়া ঘোষণার ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের কারণে মামলার মুখোমুখি হওয়া শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন।

বিধানসভার ১১০ ধারায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বলেন, জীবিকা, অধিকার ও কল্যাণমূলক দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, তিরুভান্নামালাইয়ে প্রস্তাবিত সিপকট শিল্পাঞ্চল ও পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে গুন্ডা আইনে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহার করা হবে।

তবে সরকারের এই ঘোষণাকে ঘিরে বিধানসভায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। ডিএমকে হুইপ ইভি ভেলু ও সাবেক মন্ত্রী এমআরকে পান্নীরসেলভম সিদ্ধান্তটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে ফসল ঋণের দাবিতে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধেও দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিরোধীদের আপত্তির জবাবে স্পিকার জেসিডি প্রভাকর বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার নিয়ম মেনেই এই ঘোষণা দিয়েছেন।

পরে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন পূর্ববর্তী ডিএমকে সরকারের আমলে হাইড্রোকার্বন প্রকল্প, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নাগরিকত্ব সংশোধন আইন ও কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচ হাজারের বেশি মামলা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন।

পূর্তমন্ত্রী আধব অর্জুনের একটি দাবির জবাবে উদয়নিধি স্টালিন বলেন, কুডানকুলাম আন্দোলনের সময় মামলা হওয়া বর্তমান মন্ত্রী ভ্যানিয়ারাসুইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিএমকে সরকারের আমলেই প্রত্যাহার করা হয়েছিল। এটিকে আগের সরকারের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের ‘জ্বলন্ত প্রমাণ’ বলেও উল্লেখ করেন তিনি।