সারাবিশ্ব

নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার ২ জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার ২ জন
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যার নয় দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকারীরা।

উদ্ধার হওয়া দুজন হলেন প্রকল্পের যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ ও যান্ত্রিক তত্ত্বাবধায়ক কবির মহার্জন। উদ্ধার অভিযানে যুক্ত প্রকৌশলী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা শ্রীরাম নেউপানে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় কবির মহার্জনকে। টানেলের ভেতরে আরও কেউ আটকে থাকতে পারেন এমন তথ্য পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।

এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। পরে তারা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। এ সময় উদ্ধারকারীরা তাদের আশ্বস্ত করে জানান, তাদের উদ্ধারে অভিযান চলছে। টানেলের ভেতর থেকেও তখন সাড়া পাওয়া যায়।

ঘটনার পর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান আরও জোরদার করে।

গত ২৬ আগস্ট মধ্য নেপালের ত্রিশূলি নদী উপত্যকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হওয়ার পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছেন উদ্ধারকারীরা।