সারাবিশ্ব

ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের
ছবি: সংগৃহীত

ভিসা প্রত্যাশীদের অননুমোদিত দালাল ও এজেন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়, ভিসা প্রত্যাশীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে থাকে দালালচক্র। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত সাক্ষাৎকারের সময়’ দেওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

হাইকমিশন জানায়, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে ভিসা আবেদনের অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের কোনো দালালের মাধ্যমে নয়, নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।