সারাবিশ্ব

অন্যের শরীর চুলকে দিয়েই মাসে আয় ১৮ লাখ টাকা!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

অন্যের শরীর চুলকে দিয়েই মাসে আয় ১৮ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

চীনের শেনঝেনে শরীর চুলকানোর ব্যতিক্রমী সেবা দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও। তার প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের ব্যবসাটির বর্তমানে দুটি শাখা রয়েছে।

এই সেবায় বিশেষভাবে তৈরি লম্বা নখ ব্যবহার করে গ্রাহকের শরীর আলতোভাবে চুলকে দেন কর্মীরা। গ্রাহকেরা ম্যাসাজের মতো বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকেন। শরীরের নির্দিষ্ট কোনো স্থানে চুলকানি থাকলে সেখানেও দেওয়া হয় সেবা। প্রতি ঘণ্টার জন্য নেওয়া হয় ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ টাকা।

ঝাং শিয়াওচিয়াওয়ের দাবি, ব্যস্ত নগরজীবনের মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমে এই সেবা সহায়ক। কয়েকজন গ্রাহক তাকে জানিয়েছেন, তাদের কাছে এই সেবা ম্যাসাজের চেয়েও বেশি আরামদায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা একটি ভিডিও থেকে এই ব্যবসার ধারণা পান ঝাং। ভিডিওতে এক নারীকে তার স্বামীর পিঠ চুলকে দিতে দেখা যায়। ভিডিওটির মন্তব্যে অনেকে এমন সেবা পাওয়ার জন্য অর্থ খরচের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া শৈশবে বাবার কাছ থেকে পিঠ চুলকানোর স্মৃতিও তাকে ব্যবসাটি শুরু করতে অনুপ্রাণিত করে।

চলতি বছরের মে মাসে প্রথম এবং জুনে দ্বিতীয় শাখা চালু করেন ঝাং। তার দাবি, দুটি শাখাই বর্তমানে লাভজনক। এই সেবার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশই পুরুষ।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর মাত্র এক বছরে সাতটি চাকরি বদলেছিলেন ঝাং। এর আগে দুটি ই-বাণিজ্য প্রতিষ্ঠান ও একটি বিষয়বস্তুভিত্তিক ব্যবসা শুরু করেও সফল হননি তিনি।

এবার অবশ্য নতুন ব্যবসা নিয়ে বড় পরিকল্পনা রয়েছে তার। পুরো চীনে ১০০টি শাখা চালু করার পাশাপাশি শরীর চুলকানোর এই সেবাকে স্বীকৃত পেশায় পরিণত করতে চান ঝাং শিয়াওচিয়াও।