সারাবিশ্ব
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪, আহত ৫০
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা। এ ঘটনায় ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে স্কুলটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য দেন।
দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। আহত অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৪ বছরের কম।
পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ জানান, তিনতলা স্কুলটি জনবহুল দীর কলোনিতে অবস্থিত। এলাকার রাস্তাঘাট সরু হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।
ছাদ ধসে পড়ার সময় শ্রেণিকক্ষটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল।
পুলিশ কর্মকর্তা মিঞা সাঈদ বলেন, ভবনটিতে অনেক ত্রুটি ছিল। এর ছাদ তৈরি করা হয়েছিল মাটির টাইলস দিয়ে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পুরো স্থাপনাটি ধসে পড়ার আশঙ্কা ছিল। এ কারণে প্রথমেই সবাইকে ভবনটির ভেতর থেকে বের করে আনা হয়।
তিনি আরও বলেন, স্কুল ভবনের ছাদ তৈরিতে ব্যবহৃত মাটির টাইলসগুলোর ওজন বেশি ছিল। ভবনটি সেই ভার সহ্য করতে না পারায় ছাদ ধসে পড়ে।
সূত্র, এক্সপ্রেস ট্রিবিউন।