সারাবিশ্ব

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
ছবি: সংগৃহীত

বিক্ষোভের আগে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন ককরোচের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে বিরোধী দলগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

শনিবার সিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতা আটক হন। আটক করা হয় দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও।

তবে শনিবারের ওই বিক্ষোভ থেকে কংগ্রেস কিছুটা দূরে ছিল। অনেকের মতে, তরুণ প্রজন্ম সিজেপিকে সমর্থন করলে কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, এমন আশঙ্কায় দলটির শীর্ষ নেতৃত্ব কিছুটা সংশয়ে ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে সিজেপির সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তারা বুঝতে পারছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার রাহুলের বক্তব্যেও বিরোধী ঐক্যের ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, ‘ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই। সব প্রতিবাদই আসলে এক দাবিতে, নাগরিকদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া।’

বুধবার বিকেলে রাহুল তার সরকারি বাসভবনে আয়োজিত চা চক্রে অভিজিৎ দীপকেকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মহারাষ্ট্রে অবস্থান করায় সেই আয়োজনে যোগ দিতে পারেননি ককরোচপ্রধান।

এরপর বৃহস্পতিবার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দীপকে। একই সঙ্গে ছাত্র ও যুবসমাজের প্রতিও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি।

সূত্র, আনন্দবাজার অনলাইন