সারাবিশ্ব
নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ
রাতের খাবারে নুডলস খাওয়ার পর শিশু সন্তানসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলের বয়স যথাক্রমে ১১ ও ৩ বছর এবং মেয়ের বয়স ৭ বছর।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরে তাদের আর সাড়া পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নয়ডা পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনার খবর পায়।
খবর পাওয়ার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এরপর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।