সারাবিশ্ব
ভারতে মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের তাণ্ডব, নিহত ১২
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের প্রবেশপথে একটি ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে মন্দিরে আসা ভক্তদের ওপর ট্রাকটি উঠে যাওয়ার পর প্রবেশপথের ফটকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়রসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত শীতলা মাতা মন্দিরে সমবেত হয়েছিলেন। ভক্তদের ব্যাপক সমাগমের কারণে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে মন্দিরসংলগ্ন এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। এ সময় পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। তবে ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি প্রথমে রাস্তার পাশের কয়েকটি দোকান ও সেখানে থাকা ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তিদের পাশাপাশি ফটকের দেয়াল ধসে পড়ায় কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের বের করে আনেন। দুর্ঘটনায় প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এলেও ট্রাকটির নিয়ন্ত্রণ হারানোর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।