সারাবিশ্ব

৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপ: ট্রাম্পের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপ: ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে না এলে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, গত ৯ এপ্রিল তিনি বিশ্বের বিভিন্ন দেশকে তিন মাস সময় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে 'পারস্পরিক' শুল্কচুক্তি করার জন্য। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। এরপর থেকে প্রতিদিন ১০ থেকে ১২টি দেশের উদ্দেশে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠানো শুরু হবে, যেখানে জানানো হবে নতুন শুল্কহার—যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।

ট্রাম্প বলেন, “শুল্কহার কারো জন্য ৬০ শতাংশ, আবার কারো জন্য ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। কিছু দেশে হয়তো কম, ১০ বা ২০ শতাংশও হতে পারে। চিঠিতে নির্দিষ্টভাবে বলা থাকবে, কোন দেশ যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে কী পরিমাণ শুল্ক দেবে।”

এর আগেও চলতি বছরের এপ্রিলে তিনি বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। এবার সেই হার আরও বাড়ছে। নতুন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের স্টক ও বন্ড মার্কেট শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। অনেক জায়গায় শেয়ারবাজারে ধস দেখা গেছে এবং মার্কিন ডলারের মানেও পতন হয়েছে।

যেসব দেশকে এই শুল্কের আওতায় আনা হবে, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানকে অতিরিক্ত সুবিধাভোগী বলে বারবার সমালোচনা করেছেন ট্রাম্প। এমনকি জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানোর হুমকিও দিয়েছেন তিনি।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, কিছু দেশের ক্ষেত্রে সময়সীমা কিছুটা নমনীয় হতে পারে, যদি তারা সদিচ্ছার সঙ্গে আলোচনায় থাকে। উদাহরণ হিসেবে ভারতের কথা উল্লেখ করেন তিনি, যেখানে এখনো আলোচনা চলছে।

তবে ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, “খুব একটা ছাড় দেওয়া হবে না। প্রাথমিকভাবে আমরা আগস্টের শুরু থেকে শুল্ক আদায় শুরু করবো।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তি হয়নি কোনো দেশের। শুধু যুক্তরাজ্য ও চীনের সঙ্গে একটি আলোচনার রূপরেখা চূড়ান্ত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়েছে, তবে এখনও তার কোনো বিস্তারিত প্রকাশ হয়নি।

উল্লেখ্য, এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ২০০টি চুক্তি করেছেন। তবে পরে স্বীকার করেন, শত শত দেশের সঙ্গে আলাদা চুক্তি করা সম্ভব নয়। বরং যুক্তরাষ্ট্র নিজেই শুল্ক নির্ধারণ করবে।

ট্রাম্প বলেন, “আমরা যদি ২০০টি দেশের সঙ্গে বসে বসে চুক্তি করতে থাকি, তাহলে কখনই শেষ হবে না। তাই আমরা বলবো, তোমরা যদি আমাদের দেশে ব্যবসা করতে চাও, তাহলে এই হারে শুল্ক দাও।”