সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৮২, নিখোঁজ ৪১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৮২, নিখোঁজ ৪১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। গত শুক্রবারের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এই দুর্যোগের সূচনা হয়, যা একাধিক কাউন্টিকে ক্ষতিগ্রস্ত করেছে।

বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কের কাউন্টিতে। এখানে মারা গেছেন ৬৮ জন, যাদের মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কের কাউন্টির ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি খ্রিস্টান বালিকা শিবিরে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ওই শিবির থেকে এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন কিশোরী ও একজন উপদেষ্টা।

স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যে উদ্ধারকারী দলগুলো কাদা ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অভিযান চালাচ্ছে এবং সেসব স্থানে বিষধর সাপের উপস্থিতিও ধরা পড়েছে।

বন্যার তৃতীয় দিনে এটি এখন এক বৃহৎ উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে মৃতদেহ পুনরুদ্ধারের অভিযানে রূপ নিচ্ছে। কের কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর এখনো আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, “প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।” পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি তহবিল ও অতিরিক্ত উদ্ধারকর্মী মোতায়েনের কথাও জানান।