সারাবিশ্ব
ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে লাগবে ১৫ হাজার ডলার
অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পর্যটন (B-2) ও ব্যবসায়িক (B-1) ভিসাধারীদের কাছ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত নেওয়ার একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে জাম্বিয়া ও মালাউইর নাগরিকদের ওপর এই নিয়ম ২০ আগস্ট থেকে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে ৫ আগস্ট প্রকাশিত অস্থায়ী চূড়ান্ত নিয়মে বলা হয়েছে, অতীতে যেসব দেশের নাগরিকরা বেশি হারে ভিসার মেয়াদ অতিক্রম করেছেন, মূলত তাদের লক্ষ্য করেই এই নীতি নেওয়া হয়েছে।
শর্ত মেনে চললে সম্পূর্ণ জামানত ফেরত দেওয়া হবে।
মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের ভিসা মওকুফ কর্মসূচিতে থাকা ৪০টিরও বেশি দেশের নাগরিকরা এই নিয়মের আওতায় আসবেন না।
ভিসা বন্ড হলো আর্থিক নিশ্চয়তা, যা ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যাবেন—এটি নিশ্চিত করতে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র প্রতিবছর বিপুল সংখ্যক অস্থায়ী ভিসা দেয়, তবে অনেকেই মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যান—এটিই মূল উদ্বেগের কারণ।
বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়ম আর্থিকভাবে দুর্বল দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও কঠিন করে তুলবে।