সারাবিশ্ব

রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম

রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপাতত নেই।

ফক্স নিউজকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বর্তমানে এই বিষয়ে ভাবার প্রয়োজন নেই। তিনি বলেন, “আমাদের বৈঠক খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাই আমাকে এখনই এটি নিয়ে ভাবতে হবে না। হয়তো দুই–তিন সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনা করতে হবে।”

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভারতের পণ্যের ওপর ইতিমধ্যেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে চীনের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ এখনো নেয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি রাশিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞা ও শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পালন করেন, তাহলে চীনের ধীরগতির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যেই ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছেন, যা দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা ও আমদানি শুল্ক কমাতে সহায়ক হতে পারে।

সূত্র: রয়টার্স