সারাবিশ্ব
ভারত কোনো শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে মেরে ফেলছে।” তবে তিনি দাবি করেছেন, দীর্ঘদিনের টানাপোড়েনের পর এখন ভারত যুক্তরাষ্ট্রের ওপর কোনো শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান দ্য স্কট জেনিংস রেডিও শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীন আমাদের শুল্ক দিয়ে মারে, ভারতও তাই করে, এমনকি ব্রাজিলও।”
তিনি আরও দাবি করেন, শুল্ক বিষয়ে পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে তিনি বেশি জানেন। তার ভাষায়, “আমরা ভারতকে কর আরোপ করা শুরু করার পরই তারা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ। কিন্তু এখন তারা আমাকে জানিয়েছে—ভারতে আর কোনো শুল্ক নেই।”
ট্রাম্পের দাবি, তার কঠোর নীতির কারণেই ভারত এ ধরনের প্রস্তাব দিয়েছে। “আমার শুল্ক না থাকলে তারা কখনোই এ প্রস্তাব দিত না। তাই শুল্ক থাকা জরুরি। এর মাধ্যমেই আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবো।”
এটাই প্রথমবার নয়, এর আগে সোমবারও ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে “সম্পূর্ণ একপাক্ষিক” এবং “একপাক্ষিক বিপর্যয়” বলে অভিহিত করেন। তার মতে, ভারতের শুল্ক কমানোর প্রস্তাব অনেক দেরিতে এসেছে।
অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আপিল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ককে “অবৈধ” বলে রায় দিয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, “আপিল আদালত ভুল করেছে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে, যা বিশ্বের অন্যতম বেশি। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ওপর রয়েছে ২৫ শতাংশ শুল্ক।
এ বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া ভিন্ন। ভারত সরকার জানিয়েছে, বিশ্বের অন্য যেকোনো বড় অর্থনীতির মতোই তারা নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সূত্র: এনডিটিভি