সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক অর্ধেকে নামালেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক অর্ধেকে নামালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানির শুল্ক প্রায় অর্ধেক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। ফলে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড টয়োটা, হোন্ডা ও নিসানের মতো কোম্পানিগুলোর জন্য এটি বড় স্বস্তির খবর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে ট্রাম্প এই নতুন শুল্ক হার ঘোষণা করেন। কয়েক মাসের আলোচনার পর চূড়ান্ত হওয়া এক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এটি কার্যকর হলো।

চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। এছাড়া তারা নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য ধীরে ধীরে খুলে দেবে বলেও জানিয়েছে। এতে যুক্তরাষ্ট্র থেকে জাপানে চাল, গাড়ি ও ওষুধ রপ্তানি সহজ হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—গাড়ি, ওষুধ ও কিছু ইলেকট্রনিক পণ্য।

ট্রাম্পের পূর্ববর্তী শুল্ক নীতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল টয়োটা। গত মাসেই তারা জানিয়েছিল, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে এ বছর প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

তবে নতুন এই চুক্তি কিছুটা হলেও অনিশ্চয়তা কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির বাজার বিশাল, এবং শুল্ক কমায় গাড়িগুলোর দাম তুলনামূলক কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন। তার জেরেই যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক দফা টানাপোড়েন চলে। অবশেষে মাসব্যাপী আলোচনার পর দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো।