সারাবিশ্ব
হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, ইসরায়েল তাঁর শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও তা মানতে হবে। “আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা,” মন্তব্য করেন তিনি।
এর আগে গত মার্চের শুরুতে হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। সেসময়ও তিনি হামাসকে অবিলম্বে সব জিম্মিকে মুক্তি ও নিহতদের মরদেহ হস্তান্তরের আহ্বান জানান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রায় ২৫১ জনকে ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অন্তত ২৫ জন জিম্মি ইতিমধ্যে নিহত হয়েছেন। বর্তমানে প্রায় ৪৭ জন জিম্মি এখনো গাজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা চালাচ্ছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, গাজায় আরও জিম্মি নিহত হয়ে থাকতে পারেন। হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।”
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বেসামরিক নাগরিক। জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সূত্র: এএফপি, রয়টার্স