সারাবিশ্ব

চার্লি কার্ক হত্যাকাণ্ড: সম্ভাব্য খুনির ছবি প্রকাশ, ধরিয়ে দিলে ১ কোটি টাকার বেশি পুরস্কার ঘোষণা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

চার্লি কার্ক হত্যাকাণ্ড: সম্ভাব্য খুনির ছবি প্রকাশ, ধরিয়ে দিলে ১ কোটি টাকার বেশি পুরস্কার ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ ঘটনায় তথ্য দিলে ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ লাখ টাকারও বেশি।

স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটা অঙ্গরাজ্যের ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ৩১ বছর বয়সি চার্লি কার্ককে গুলি করা হয়। দূর থেকে ছাদ থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সিএনএনের খবরে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার আগে চার্লি কার্ক সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখছিলেন। হঠাৎ দূর থেকে গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে কার্ক গলা চেপে ধরেন, আর মুহূর্তেই অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকদের অনেকে চিৎকার করে দৌড়ে পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করে এফবিআই। ছবিতে দেখা যায়, ওই তরুণ মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস এবং কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরে ছিলেন।

এফবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত রাইফেলটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে।

এদিকে চার্লির হত্যাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি জানি হত্যাকারীর উদ্দেশ্য কী ছিল। তবে তা এখনই প্রকাশ করছি না। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে বড় অগ্রগতি করেছে।”

চার্লি কার্ক ছিলেন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামক একটি কট্টর ডানপন্থি সংগঠনের প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক বছরগুলোতে তরুণ রিপাবলিকানদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন।