সারাবিশ্ব
ভারত-পাকিস্তানসহ ৭টা যুদ্ধ থামিয়েছি, নোবেল তো আমারই পাওয়া উচিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে অন্তত সাতটি বড় ধরনের সংঘাত বা যুদ্ধ তিনি থামিয়েছেন যার প্রতিটির জন্যই তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট আয়োজিত এক ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। এটাই কৌশল বলেছি, যদি যুদ্ধ করো, বাণিজ্য হবে না। এতে কাজ হয়েছে।”
ট্রাম্প বলেন, “আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর মতো অঞ্চলগুলোতে যুদ্ধ থামিয়েছি। অনেকেই জানেন না এই যুদ্ধ থামানো হয়েছে মূলত কূটনৈতিক চাপ ও বাণিজ্য কৌশলের মাধ্যমে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ট্রাম্প বলেন, “অনেকে বলেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাব। আমি বলি, তাহলে বাকি সাতটা যুদ্ধ থামানোর জন্য কী? প্রতিটার জন্য তো আলাদা নোবেল পাওয়া উচিত।”
তিনি আক্ষেপ করে বলেন, “আমাকে কেউ নোবেল দেয়নি, অথচ অন্যরা শুধু নাটক করেই পেয়ে যায়।”
রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি ভাবতাম এটি সবচেয়ে সহজ সমাধান হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। কিন্তু এখনো যুদ্ধ চলছে, যদিও আমি আশাবাদী এটা থেমে যাবে।”
ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ভারত-পাকিস্তান বা ইসরায়েল-ইরান এই সংঘাতগুলোর প্রকৃত অবস্থা ও তার হস্তক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা।
তবু ট্রাম্প তার ভঙ্গিতে সোজাসাপ্টা বলেছেন, “আমি শান্তি এনেছি। সবার আগেই আমার নোবেল পাওয়া উচিত ছিল।”