সারাবিশ্ব

এবার যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

এবার যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডের ও পেটেন্ট করা সব ধরনের ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে শুধু আমেরিকার সাধারণ জনগণই নয়, বড় ধাক্কা খাবে ভারত, জার্মানি, আয়ারল্যান্ডের মতো ওষুধ রপ্তানিকারক দেশগুলোও।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ১৫ হাজার ৮০০ কোটি ডলারের ওষুধ আমদানি করেছিল। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল প্রস্তুত ও প্রক্রিয়াজাত ওষুধ, যার পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি ডলারেরও বেশি। এই বাজারে শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি এবং ভারত।

তবে ট্রাম্প শর্ত দিয়ে জানিয়েছেন, যদি কোনো বিদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে নিজস্ব ওষুধ কারখানা স্থাপন করে, তাহলে তাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হতে পারে। যদিও তিনি এই হঠাৎ শুল্ক আরোপের পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেননি। এমনকি এই শুল্ক তার আগের ঘোষিত ‘প্রতিশোধমূলক শুল্ক’ নীতির অংশ কিনা, সে বিষয়েও কিছু বলেননি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে ওষুধের দাম এক লাফে বাড়লে সবচেয়ে বেশি ভুগবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। অনেকের পক্ষেই তখন চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে। এছাড়া, বাজারে ওষুধের ঘাটতি ও সরবরাহ সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বজুড়ে ফার্মাসিউটিক্যাল খাতে বড় অংশ জুড়ে রয়েছে যেসব দেশ, তারা এই সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রের ওপর।

এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে মার্কিন কংগ্রেস বা আদালত হস্তক্ষেপ না করলে অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ওষুধের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।