সারাবিশ্ব

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ বাণিজ্য সম্পর্কের মাঝে নতুন করে বড় পদক্ষেপ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এ ঘোষণা দেন ট্রাম্প।

শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপর নিয়ন্ত্রণ জোরদারের কথাও জানিয়েছেন তিনি। এর আগে আরেক পোস্টে চীনের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, "চীন বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে শত্রুতাপূর্ণ আচরণ করছে। তারা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে।"

এমন প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প। যদিও পরে জানান, এখনো চূড়ান্তভাবে বৈঠক বাতিল হয়নি, তবে সেই আলোচনা আদৌ হবে কি না—সেটি তিনি নিশ্চিত নন।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই মার্কিন শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা নতুন শুল্ক নীতির প্রভাব নিয়ে শঙ্কিত।

চীনের বিরল খনিজ উপাদান—যা বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন ও আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—তার রপ্তানিতে কঠোরতা আরোপ ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড সম্প্রতি কয়েকদিনের জন্য তাদের উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

চীনও থেমে নেই। ট্রাম্পের আগের হুমকির পর থেকেই তারা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে। এতে করে কোয়ালকমের আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণের পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে যেতে পারে।

তাছাড়া, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য নতুন বন্দর ফি আরোপের ঘোষণাও দিয়েছে বেইজিং। এ সিদ্ধান্তে মার্কিন মালিকানাধীন শিপিং কোম্পানিগুলোও পড়বে প্রভাবের মুখে।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক চলতি বছরের মে মাস থেকেই খারাপ দিকে যাচ্ছে। ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় সেই উত্তেজনা আরও বেড়েছে। বিশ্ব বাজার ও প্রযুক্তি খাতে এর প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।