সারাবিশ্ব

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে ট্রাম্পের অনুমোদন, স্থল হামলার ইঙ্গিত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে ট্রাম্পের অনুমোদন, স্থল হামলার ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির অভ্যন্তরে স্থল হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি সিআইএকে এই গোপন মিশনের অনুমতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উল্লেখ করে ট্রাম্পকে প্রশ্ন করেন, "আপনি সিআইএকে ভেনেজুয়েলায় কেন পাঠালেন?" উত্তরে ট্রাম্প বলেন, "দুটি কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা তাদের কয়েদিদের আমাদের দেশে পাঠাচ্ছে। দ্বিতীয়ত, তারা বিশাল পরিমাণে মাদক আমেরিকায় পাচার করছে, যা মূলত সাগরপথে আসে। এখন থেকে আমরা স্থলপথেও তাদের মোকাবিলা করব।"

ট্রাম্পের এমন বক্তব্য ও পদক্ষেপে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে গেছে। ভেনেজুয়েলা সরকার ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। কারাকাসের অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকার পরিকল্পিতভাবে ভেনেজুয়েলার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং দেশটির প্রাকৃতিক সম্পদ কবজা করতে চাইছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন এক বিবৃতিতে বলেছে, “এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পথ প্রশস্ত করতে চায়।”

সংবাদ সম্মেলনে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, “সিআইএ কি মাদুরোকে সরানোর অনুমতি পেয়েছে?” উত্তরে তিনি হেসে বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে হাস্যকর হবে। প্রশ্নটা অবশ্যই অযৌক্তিক নয়, কিন্তু আমি যদি এর জবাব দিই, সেটাই বরং হাস্যকর হবে।”