সারাবিশ্ব

টেসলায় ১ ট্রিলিয়ন ডলার বেতন পাবেন ইলন মাস্ক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

টেসলায় ১ ট্রিলিয়ন ডলার বেতন পাবেন ইলন মাস্ক
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ। কোম্পানির শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, পারফরম্যান্সের ভিত্তিতে আগামী দশ বছরে মাস্ক পেতে পারেন ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের সমমূল্যের শেয়ার।

তবে পুরো অর্থ হাতে পাবেন না তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বেতনের একটি অংশ টেসলাতে ফেরত দিতে হবে মাস্ককে। সেই হিসেবে তার প্রকৃত বেতনের পরিমাণ দাঁড়াবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্যাকেজ অনুমোদন পায়। সভায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার মাস্কের পক্ষে ভোট দেন। ভোটের ফল ঘোষণার পর মাস্ক এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। বিনিয়োগকারীরা অসাধারণ সমর্থন দেখিয়েছেন।”

ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৪৭৩ বিলিয়ন ডলার। নতুন প্যাকেজ বাস্তবায়িত হলে তিনি হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। ঘোষণার পরদিন শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ারদর বেড়ে যায় প্রায় ২ শতাংশ। গত ছয় মাসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৬২ শতাংশেরও বেশি।

যেসব লক্ষ্য পূরণ করতে হবে- 

এর মধ্যে আছে, আগামী ১০ বছরে ২০ মিলিয়ন গাড়ি উৎপাদন। সড়কে ১ মিলিয়ন কার্যকরী রোবোট্যাক্স (স্বয়ংচালিত ট্যাক্সি) নামাতে হবে। টেসলার গাড়িতে ফুল সেলফ-ড্রাইভিং সাবস্ক্রিপশন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে ১০ মিলিয়ন। লাভ করতে হবে ৪০০ বিলিয়ন ডলার। 

শর্ত আরও আছে। যেমন- টেসলার বর্তমান বাজার মূলধন ১ দশমিক ৫ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ২ ট্রিলিয়নের বেশি করতে হবে। এটিও বাড়াতে হবে ৯টি ধাপে। প্রতিটি ধাপে বাড়াতে হবে ৫০০ বিলিয়ন ডলার। যাতে ২০৩৫ সালের মধ্যে বাজার মূলধন সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

আল জাজিরা বলছে, এসব লক্ষ্য পূরণ করতে পারলেই ইলন মাস্ক টেসলার শেয়ার ও নগদ মিলিয়ে অনুমোদিত বেতন প্যাকেজ পাবেন।