সারাবিশ্ব
পোষা কুকুরের গুলিতে আহত মালিক!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ঘটে গেছে এক বিস্ময়কর ও অদ্ভুত দুর্ঘটনা। নিজের পোষা কুকুরের কারণে শটগানের গুলিতে আহত হয়েছেন ৫৩ বছর বয়সী এক ব্যক্তি। এ ঘটনায় পুরো এলাকায় আলোচনার ঝড় উঠেছে। আহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
নিউ ইয়র্ক টাইমস জানায়, ঘটনার দিন ব্যক্তি তার শটগান পরিষ্কার করছিলেন। পরিষ্কারের এক পর্যায়ে বন্দুকটি তিনি বিছানায় রেখে খানিকটা বিরতি নেন। ঠিক তখনই তার পোষা কুকুরটি মালিকের কাছে আদর নিতে বিছানায় লাফিয়ে ওঠে। কুকুরটির ওই আকস্মিক লাফেই দুর্ঘটনাবশত শটগান থেকে গুলি ছুটে যায়। গুলি গিয়ে লাগে মালিকের পিঠের নিচের দিকে।
অন্যদিকে, ডেইলি মেইল জানিয়েছে, রাত ১১টা ১৩ মিনিটে আহত ব্যক্তির ছেলে জরুরি সেবা ৯১১-এ ফোন করে জানায় যে স্টেট স্ট্রিটের ৩০০ ব্লকে একজন পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কর্পোরাল মাইকেল স্কুন বলেন, প্রথমে জানা যায়নি গুলি কে ছুড়েছে। পরে তদন্তে উঠে আসে—কুকুরের লাফানোর সময় শটগানটি সক্রিয় হয়ে যায় এবং গুলি ছুটে যায়। থাবা ট্রিগারে আটকে গিয়েছিল কি না, সেফটি লক বন্ধ ছিল কি না, বা অস্ত্রে কোনো ত্রুটি ছিল কি না-এসব বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ আরও জানায়, শটগানের ভেতর একটি খালি শেল পাওয়া গেছে। তবে বন্দুক পরিষ্কারের ঠিক কোন ধাপে ছিলেন তিনি, সেটিও স্পষ্ট নয়। গুলিবিদ্ধ হওয়ার সময় ব্যক্তি ও তার ছেলে দু’জনই আলাদা কক্ষে ছিলেন। বাড়িতে আরও দুইটি কুকুর ছিল।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তার আঘাত গুরুতর হওয়ায় প্রথম দফা অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আরও একটি সার্জারির প্রয়োজন হবে। তার আঘাতের পূর্ণ মাত্রা এখনো নিশ্চিত নয়।
কর্পোরাল স্কুন সবাইকে সতর্ক করে বলেন, “প্রতিটি অস্ত্রকেই সবসময় লোডেড বলে ধরে নেওয়া উচিত। এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।”
পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বলছে—ঘটনাটি নিছকই একটি দুর্ঘটনা। তবে বিষয়টি নিয়ে তদন্ত কাজ এখনও চলছে।