সারাবিশ্ব

কষ্ট লাঘবের জন্য ১৪১ বছর বয়সী কচ্ছপ গ্রামারের মানবিক মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

কষ্ট লাঘবের জন্য ১৪১ বছর বয়সী কচ্ছপ গ্রামারের মানবিক মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানার প্রবীণতম গ্যালাপাগোস প্রজাতির কচ্ছপ গ্রামার মারা গেছেন। চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামারের বয়স প্রায় ১৪১ বছর ছিল। তার মৃত্যু ঘটে ২০ নভেম্বর।

কচ্ছপটি বয়সজনিত জটিলতা ও বিভিন্ন সমস্যায় ভুগছিল, যা সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গিয়েছিল। 

মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। গ্রামার ছিল সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো অভিবাসী।

গ্রামার সান দিয়েগো চিড়িয়াখানায় কবে এসেছে তা সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয়, এটি ১৯২৮ বা ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে সান দিয়েগোতে আনা হয়েছিল।

প্রকৃতিতে গ্যালাপাগোস কচ্ছপ সাধারণত ১০০ বছর বা তারও বেশি সময় বাঁচতে পারে, তবে বন্দি অবস্থায় যত্ন নেওয়া হলে তারা ২০০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম। ইতিহাসে সবচেয়ে বয়স্ক গ্যালাপাগোস কচ্ছপ হিসেবে পরিচিত হ্যারিয়েট, যিনি অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় ১৭৫ বছর বয়সে মারা যান। হ্যারিয়েটকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়েছিল এবং ১৮৩০ সালের দিকে তার জন্ম হয়েছিল।