সারাবিশ্ব

নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএস (আইএসআইএল) লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশেই এ হামলা পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, আইএস দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের ওপর, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়ে আসছিল।

ট্রাম্প আরও বলেন, সহিংসতা বন্ধ করতে তিনি আগেই জঙ্গিগোষ্ঠীটিকে সতর্ক করেছিলেন। কিন্তু তারা তা অমান্য করায় যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে বাধ্য হয়েছে।

এদিকে, মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইকম) জানিয়েছে, নাইজেরিয়া সরকারের অনুরোধেই এই বিমান হামলা চালানো হয়। হামলায় আইএসের একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। অভিযানটি নাইজেরিয়ার সোকোটো রাজ্যে সংঘটিত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাইজেরিয়া সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হতে পারে।

তবে ট্রাম্পের খ্রিস্টান নির্যাতন সংক্রান্ত অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়ের মানুষকেই লক্ষ্য করছে এবং সরকার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা