সারাবিশ্ব
দায়িত্ব নেওয়ার পরেই ইসরাইল সমর্থিত নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল-সমর্থিত একটি নির্বাহী আদেশ বাতিল করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তার এই সিদ্ধান্তে ফিলিস্তিনি অধিকারপন্থীরা সন্তোষ প্রকাশ করলেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল সরকার।
শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মামদানি তার পূর্বসূরি মেয়র এরিক অ্যাডামসের জারি করা একাধিক নির্বাহী আদেশ বাতিল করেন। বিশেষ করে ২৬ সেপ্টেম্বর ২০২৪ সালের পর কার্যকর হওয়া সব নির্বাহী আদেশ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিল ইসরাইল বয়কট সংক্রান্ত। ওই আদেশে ইসরাইল রাষ্ট্র, ইসরাইলি নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্যমূলক চুক্তি বা পদক্ষেপ নিষিদ্ধ করা হয়েছিল। সমালোচকদের মতে, এই আদেশটি মামদানি প্রশাসনের জন্য রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতেই মেয়র অ্যাডামস তার মেয়াদের শেষ দিকে জারি করেছিলেন।
মামদানির জারি করা নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকা সব নির্দেশ বাতিল করা হয়েছে। তবে এর আগের নির্বাহী আদেশগুলো সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
সিটি হল উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই এসব আদেশ কার্যকর করা হয়। শুক্রবার মামদানি নিজেও জানান, তিনি তার পূর্বসূরির বিতর্কিত নির্বাহী আদেশগুলো প্রত্যাহারের সিদ্ধান্তে অটল রয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির এই পদক্ষেপের নিন্দা জানায়। সেখানে তাকে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগও তোলা হয়।