সারাবিশ্ব

মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে রদ্রিগেজকে: ট্রাম্পের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে রদ্রিগেজকে: ট্রাম্পের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে লক্ষ্য করে এবার আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রদ্রিগেজ তার মতে ‘সঠিক পথে না চললে’ সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চেয়েও বেশি পরিণতি ভোগ করতে হতে পারে।

দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। ইতোমধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় পরিচালিত মার্কিন অভিযানের প্রকাশ্য বিরোধিতা করেন রদ্রিগেজ। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যদিও মাদুরো ও তার স্ত্রী গ্রেপ্তারের পরপরই ট্রাম্প প্রথমে রদ্রিগেজের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করেছিলেন। তবে পরে রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলা তার প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করবে।

মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এটিকে পুনর্গঠন বলুন বা শাসন পরিবর্তন—যাই বলা হোক না কেন—বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো বিকল্পই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) তাকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে হাজির করা হতে পারে। এর আগে ২০২০ সালে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।