সারাবিশ্ব

ভারতীয় শিক্ষার্থীদের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

ভারতীয় শিক্ষার্থীদের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক কিংবা বর্তমানে সেখানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে ভারতের মার্কিন দূতাবাস থেকে একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে-কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

নির্দেশিকায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করলে শিক্ষার্থী ভিসার ওপর গুরুতর প্রভাব পড়বে। কোনো শিক্ষার্থী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান, গ্রেপ্তার হন বা আইন ভাঙেন, তাহলে তাৎক্ষণিকভাবে তার ভিসা বাতিল করা হতে পারে। এমনকি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানোও হতে পারে।

এছাড়া সতর্ক করে বলা হয়েছে, আইন ভাঙার কারণে ভবিষ্যতেও ওই শিক্ষার্থীর জন্য কোনো ধরনের মার্কিন ভিসা পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বা সেখানে যাওয়ার পরিকল্পনাকারী শিক্ষার্থীদের দেশটির আইন-কানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণ বা অবস্থানের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

নির্দেশিকার শেষাংশে শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা মাত্র। যুক্তরাষ্ট্র সরকার যে কোনো সময় এই সুবিধা প্রত্যাহার করার ক্ষমতা রাখে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে ভিসা ও অভিবাসন নীতিমালা আরও কঠোর করা হয়েছে। এই কঠোর নীতির প্রভাবে ইতোমধ্যে অনেক ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী নানা জটিলতার মুখে পড়েছেন বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস