সারাবিশ্ব

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন ট্রাম্প। পোস্ট করা ছবির নিচে লেখা ছিল-২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এই ঘোষণা আসে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের এক সপ্তাহ পর। দাবি করা হচ্ছে, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়। ওই অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাত তদারক করবে এবং দেশটির সরকার কাঠামো সংস্কারে ভূমিকা রাখবে। রুবিওর ভাষ্য অনুযায়ী, ‘উপযুক্ত সময়ে’ তেলের মালিকানা পুনরায় ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্পের এই ঘোষণার পেছনে ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর মার্কিন আধিপত্য সুদৃঢ় করার কৌশলগত লক্ষ্য থাকতে পারে।

মাদুরো আটক হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন দেয় বলে জানা যায়। ক্ষমতা গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করলেও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বর্তমানে ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প—উভয়েই নিজেদের ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট চরম আকার ধারণ করেছে। এই ঘটনা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী কি না—তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: ট্রুথ সোশ্যাল, রয়টার্স