সারাবিশ্ব

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই শুল্কব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে কোন কোন কার্যক্রম বা লেনদেনকে ‘ইরানের সঙ্গে বাণিজ্য’ হিসেবে বিবেচনা করা হবে-সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

বর্তমানে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের তালিকায় রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। ফলে ট্রাম্পের ঘোষিত এই শুল্কনীতি কার্যকর হলে এসব দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ইরান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সামরিক বিকল্প-বিশেষ করে বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম বড় শক্তি হলো-তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন। বিমান হামলাও সেই বিকল্পগুলোর একটি।”

লেভিট আরও বলেন, কূটনীতি বরাবরই প্রেসিডেন্টের প্রথম পছন্দ। তবে প্রয়োজনে এবং যখন তিনি তা জরুরি মনে করবেন, তখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভয়ংকর শক্তি ও সামরিক সক্ষমতা ব্যবহার করতে ট্রাম্প পিছপা হন না।

তিনি উল্লেখ করেন, “ইরানের চেয়ে ভালো আর কেউ জানে না যুক্তরাষ্ট্র কী করতে সক্ষম।” এ সময় তিনি গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গও স্মরণ করিয়ে দেন।

বিশ্লেষকদের মতে, একদিকে শুল্ক আরোপের ঘোষণা, অন্যদিকে সামরিক বিকল্প খোলা রাখার বার্তা-এই দুইয়ের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বহুগুণ বাড়াতে চাইছে।