সারাবিশ্ব
ইরানে আক্রমণ না করতে অন্য কেউ নয়, নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক হামলা না করার সিদ্ধান্ত তিনি একমাত্র নিজেই নিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ থেকে ফ্লোরিডার উদ্দেশে রওয়ানা হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই এই সিদ্ধান্তে পৌঁছেছি।
উল্লেখ্য, উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তারা দাবি করেছিলেন যে সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর জন্য বোঝানোর চেষ্টা করেছিল। তবে ট্রাম্প এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “কোনো দেশ বা পক্ষ আমাকে প্রভাবিত করেনি। আমার সিদ্ধান্ত নিজস্বভাবেই নেওয়া হয়েছে।”
ট্রাম্পের মতে, ইরানে মৃত্যুদণ্ড বাতিল করা বিষয়টি তার সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেন, “তারা কাউকে ঝুলিয়ে হত্যা করেনি; মৃত্যুদণ্ড বাতিল করেছে। এই বিষয়টিই আমার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানে নির্ধারিত সব মৃত্যুদণ্ড, প্রায় ৮০০টি, বাতিল করা হয়েছে। গতকাল যেসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, সেগুলো বাতিলের সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান করি। এর জন্য ইরানের নেতৃত্বকে ধন্যবাদ।”
এর আগে দুই সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভ দমনের ঘটনায় সহিংসতার অভিযোগ তুলে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং আরও কয়েক হাজার মানুষ আটক হয়েছেন। তবে বুধবার ট্রাম্প জানান, তাকে জানানো হয়েছে বিক্ষোভ দমনের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, যার পরই তিনি সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দেন।