সারাবিশ্ব

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল যুক্তরাষ্ট্র


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করল যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা ও কার্যক্রমে গুরুতর ব্যর্থতা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রধান কারণ। একই সঙ্গে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজন ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০২০ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরে গত বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বৃহস্পতিবার জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে অংশ নিচ্ছে না। তবে কিছু আইনি ও প্রক্রিয়াগত বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আবারও সংস্থাটির কার্যক্রমে পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং এটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে। শুরুতে প্রায় ৯০টি দেশের অংশগ্রহণে যাত্রা শুরু করা এই সংস্থার বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্তরাষ্ট্র ছিল সংস্থাটির অন্যতম প্রধান অংশীদার এবং মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ অর্থায়ন করত দেশটি।