সারাবিশ্ব

কয়েক দিনের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ এএম

কয়েক দিনের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান খুব দ্রুতই শেষ হতে পারে বলে তিনি আশা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সপ্তাহের মধ্যেই কিংবা আগামী কয়েক দিনের মধ্যে সামরিক অভিযান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমার তাই মনে হয়।” তার মতে, বর্তমান পরিস্থিতিতে সংঘাত দীর্ঘ সময় ধরে চলার সম্ভাবনা কমে এসেছে।

ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের নেতৃত্ব কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, ইরানের নেতৃত্বের অন্তত দুটি স্তর কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “তাদের নেতৃত্বের দুইটি স্তর রয়েছে—বাস্তবে হয়তো এর চেয়েও বেশি। কিন্তু অন্তত দুই স্তরের নেতৃত্ব এখন আর নেই।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে ইরানের কৌশলগত সক্ষমতা ও নেতৃত্বের কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্বে এই পরিবর্তন এবং চলমান সামরিক অভিযানের কারণে অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মিললেও বাস্তবে পরিস্থিতি কীভাবে এগোয়, তা এখনো স্পষ্ট নয়।