সারাবিশ্ব

ইরান যুদ্ধে অংশ নিতে উভচর যুদ্ধজাহাজে রওনা ২,৫০০ মার্কিন মেরিন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

ইরান যুদ্ধে অংশ নিতে উভচর যুদ্ধজাহাজে রওনা ২,৫০০ মার্কিন মেরিন
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার মার্কিন মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২,৫০০ সদস্য উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি নিয়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খবর আল জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, এই মেরিন ইউনিটই হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সরাসরি স্থলযুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই যুদ্ধে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। ফলে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর জন্য বিশেষভাবে তৈরি। এতে মেরিন সেনাদের পাশাপাশি হেলিকপ্টার ও আধুনিক সামরিক সরঞ্জাম পরিবহনের সুবিধা রয়েছে।

এদিকে ইরানের খারগ দ্বীপে সাম্প্রতিক বিমান হামলার পর এই স্থলসেনা মোতায়েনের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।