সারাবিশ্ব

ইরান যুদ্ধের খবর নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর ট্রাম্পের ক্ষোভ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ এএম

ইরান যুদ্ধের খবর নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর ট্রাম্পের ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের সংবাদ কাভারেজ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি অভিযোগ করেছেন, কিছু গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য ছড়াচ্ছে এবং কিছু মার্কিন সংবাদমাধ্যম সেই তথ্য প্রচার করছে।

ট্রাম্প লিখেছেন, “ইরান ফেক নিউজ মিডিয়ার সঙ্গে সমন্বয় করে আমাদের মহান ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে সমুদ্রে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেখাচ্ছে।” তিনি বলেন, যেসব মিডিয়া এই ধরনের তথ্য তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত।

তিনি আরও দাবি করেন, বাস্তবে ইরান দুর্বল হয়ে পড়ছে এবং তারা কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তথ্যে নিজেদের ‘জয়ী’ দেখানোর চেষ্টা করছে, যা কিছু ‘দুর্নীতিগ্রস্ত’ মিডিয়া প্রচার করছে।

এ সময় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কারের প্রশংসাও করেন ট্রাম্প। এর আগে অপতথ্য ছড়ানোর অভিযোগে কিছু গণমাধ্যমের সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার ঘোষণা দিয়েছিলেন কার।

সূত্র: বিবিসি