সারাবিশ্ব
ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা চান না ট্রাম্প
ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা হোক-এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থান নিয়ে এই তথ্য সামনে আসে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-তে সম্ভাব্য বিঘ্ন ঠেকাতে ইরানকে বার্তা দিতে ট্রাম্প সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছিলেন। তবে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করে আপাতত নতুন হামলার পক্ষে নন তিনি।
তবে এই অবস্থান স্থায়ী নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরান যদি আবারও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে পুনরায় হামলার অনুমতি দিতে পারেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে এই অবস্থান আন্তর্জাতিক বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান