সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল শোধনাগারে বিস্ফোরণ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল শোধনাগারে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন এই স্থাপনাটিতে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। এক বিবৃতিতে বলা হয়, শোধনাগার সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, ভালেরো কর্তৃপক্ষ জানিয়েছে, শোধনাগারে কর্মরত সকল শ্রমিকের খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বিস্ফোরণের সময় ওই শোধনাগারে প্রায় ৮০০ কর্মী উপস্থিত ছিলেন। এটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম একটি বড় স্থাপনা।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।