সারাবিশ্ব

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ইরানে স্থল অভিযানের একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি চলমান সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই অভিযানে পূর্ণমাত্রার যুদ্ধের পরিবর্তে সীমিত পরিসরের সামরিক অভিযান চালানো হতে পারে। এতে বিশেষ বাহিনী (স্পেশাল অপারেশন ফোর্স) এবং সাধারণ পদাতিক সেনা অংশ নিতে পারে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের চার হাজারের বেশি মেরিন সেনা ইতোমধ্যে জাহাজে করে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালী সংলগ্ন উপকূলীয় এলাকাগুলো বিবেচনায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এই অভিযান মাসব্যাপী নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, “সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা পেন্টাগনের দায়িত্ব। তবে এর অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর জবাবে ইরানও বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে। ফলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে।