সারাবিশ্ব

নেতানিয়াহুকে ট্রাম্প বললেন, ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

নেতানিয়াহুকে ট্রাম্প বললেন, ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন, ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তপ্ত টেলিফোন আলাপে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনার এক পর্যায়ে নেতানিয়াহুকে ‘পাগল’ বলে সম্বোধন করেন ট্রাম্প এবং তার সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননে সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে ট্রাম্প গভীর অসন্তোষ প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন ইরান-সংকট প্রশমনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প।

অ্যাক্সিওসের দাবি, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “এখন সবাই আপনাকে ঘৃণা করে। এর প্রভাব ইসরায়েলের ওপরও পড়ছে।” একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ জানিয়ে তাকে ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন।

প্রতিবেদন অনুযায়ী, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্পের কণ্ঠস্বর উচ্চ হয়ে যায় এবং আলোচনা বেশ উত্তপ্ত রূপ নেয়। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এটিই ছিল সবচেয়ে তিক্ত ও উত্তেজনাপূর্ণ ফোনালাপ।

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি বিভিন্ন ইস্যুতে ইসরায়েলকে শক্ত সমর্থন দিয়েছেন। তবে তিনি সতর্ক করেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

যদিও অ্যাক্সিওসে প্রকাশিত এই ফোনালাপের বিস্তারিত নিয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে ফোনালাপ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করেন। তিনি জানান, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা বন্ধে অগ্রগতি হয়েছে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না।

অন্যদিকে, নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা চলতে থাকলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও জানানো হয়।