সারাবিশ্ব

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও বাণিজ্যের জন্য ক্ষতিকর।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর মঙ্গলবার জানিয়েছে, তাদের করা সেকশন ৩০১ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার পর এই শুল্ক প্রস্তাব আনা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, কম্বোডিয়া, গুয়াতেমালা, এল সালভাদর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বাকি ৪৫টি দেশের ক্ষেত্রে এই হার হবে ১২ দশমিক ৫ শতাংশ।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অন্যায্য প্রতিযোগিতার মুখে পড়ছেন।

নতুন এই প্রস্তাব এমন সময় এসেছে, যখন গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতা আইনের আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপিত কিছু শুল্ক বাতিল করে দেয়। এরপর প্রশাসন নতুন আইনি কাঠামোর মাধ্যমে শুল্ক ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে।

তবে প্রস্তাবিত শুল্ক থেকে জ্বালানি, বিরল খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং বিমান যন্ত্রাংশকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া পোশাক ও বস্ত্র খাতের জন্য বিশেষ ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিমাণ আমদানি কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।