সারাবিশ্ব
চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি কিন্তু নেব না: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে এবং তা ঠেকানোর সক্ষমতা তেহরানের নেই বলেও দাবি করেন তিনি। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, কারণ ইউরেনিয়াম মাটির নিচে বা সুরক্ষিত স্থানে সংরক্ষিত রয়েছে।
এ সময় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট করেন, এই মুহূর্তে ওই নেতার সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই তার।
তবে ভবিষ্যতে যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হয়, তাহলে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে বলেও জানান ট্রাম্প। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: রয়টার্স