সারাবিশ্ব

ইরান যুদ্ধ বন্ধে চুক্তি করছে না, কারণ তারা শক্তিশালী: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

ইরান যুদ্ধ বন্ধে চুক্তি করছে না, কারণ তারা শক্তিশালী: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নিজেদের শক্তিশালী ও প্রভাবশালী মনে করার কারণেই ইরান চুক্তির পথে এগোচ্ছে না।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়া ফলস এলাকায় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দ্রুত শেষ না হওয়ায় সমালোচনাকারীদেরও জবাব দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন যুদ্ধের তুলনায় তিনি এই সংঘাতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তার মতে, অন্য কোনো প্রশাসন ক্ষমতায় থাকলে পরিস্থিতি নিয়ে এত প্রশ্ন উঠত না।

তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন তৈরির কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো অবশিষ্ট রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

সম্প্রতি পারস্য উপসাগর এলাকায় ইরানের একাধিক হামলার প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, এসব ঘটনায় স্পষ্ট হয়েছে যে দেশটির হাতে এখনো আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে। হরমুজ প্রণালীর কাছে জাহাজে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তা আত্মরক্ষামূলক ছিল বলেও তিনি দাবি করেন। হামলায় জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেও অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।

কয়েক মাস আগে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, যার প্রভাব বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়ে। ফলে জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শ্রমিক দিবসের পর হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানে পরিবর্তন আসতে পারে। সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রকে অন্য পদক্ষেপ নিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখাই এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য।