সারাবিশ্ব

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ‘মহান ব্যক্তি’ বললেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:২৭ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ‘মহান ব্যক্তি’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একই বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনাও নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে। এমনকি ইউরোপে গিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, ইরান-সম্পর্কিত চুক্তির নথিপত্র এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে এমন খবরকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে বলা হয়, মুখপাত্রের মতে, আলোচনার অগ্রগতি নিয়ে যেসব দাবি করা হচ্ছে তা সময়ের আগেই বলা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

তথ্যসূত্র: জিও নিউজ