সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে প্রাণ বাঁচলো মুসল্লিদের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে প্রাণ বাঁচলো মুসল্লিদের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মসজিদে জুমার নামাজ চলাকালে হামলার চেষ্টা চালিয়ে ধরা পড়েছেন মুখোশধারী এক যুবক। ঘটনাটি ঘিরে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে নিউইয়র্ক সিটির ফ্লাশিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাশিংয়ে অবস্থিত মুসলিম সেন্টার অব নিউইয়র্কে জুমার নামাজের খুতবা চলাকালে এক যুবক মুখে মাস্ক পরে মসজিদের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে সে তার পকেট থেকে অস্ত্র বের করার চেষ্টা করলে উপস্থিত মুসল্লিদের নজরে পড়ে যায় বিষয়টি।

এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে কয়েকজন মুসল্লি দ্রুত তাকে ধরে ফেলেন এবং নিরস্ত্র করেন। তাদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদে তাৎক্ষণিকভাবে লকডাউন ঘোষণা করা হয়। আতঙ্কের কারণে নারী সেকশনের বাতি নিভিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যরা ওই যুবককে আটক করে হেফাজতে নেয়।

পরে তল্লাশিতে তার কাছে থাকা অস্ত্রটি ‘বিবি গান’ হিসেবে শনাক্ত করা হয়। এটি প্রচলিত আগ্নেয়াস্ত্র না হলেও জনসমাগমপূর্ণ উপাসনালয়ে এমন অস্ত্রসদৃশ বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা উদ্বেগ তৈরি করেছে।

মসজিদ কর্তৃপক্ষ মুসল্লিদের সাহসিকতার প্রশংসা করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।