সারাবিশ্ব

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজন ঘিরে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে সংস্থাটির উদ্বোধনী শান্তি পুরস্কারও প্রদান করেন। ট্রাম্পের মতে, ইনফান্তিনো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ও সম্মানিত একজন ব্যক্তি এবং মানুষকে একত্রিত করার বিশেষ সক্ষমতা তার রয়েছে।

আগামী ডিসেম্বর পর্তুগালের আন্তোনিও গুতেরেস অবসরে গেলে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এ পদে নির্বাচিত হতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। পরবর্তীতে সাধারণ পরিষদের অনুমোদনও নিতে হবে।

প্রথা অনুযায়ী, এ পদে লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে ট্রাম্পের এই প্রস্তাব সেই প্রচলিত সমীকরণে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আলোচনায় থাকলেও ট্রাম্প ইনফান্তিনোর নামকে সামনে এগিয়ে দিচ্ছেন।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট