সারাবিশ্ব

ইন্টারসেপ্টর শেষ হয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম

ইন্টারসেপ্টর শেষ হয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর পর হঠাৎ করেই হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গত দুই দিন ধরে কোনো ধরনের নতুন আক্রমণ না চালানোর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা।

রোববার (২৬ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর পরপরই পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে সরে আসে ওয়াশিংটন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প ইরানের ওপর আরও জোরালো হামলার ঘোষণা দিলেও পরবর্তীতে জরুরি বৈঠকের পর তিনি অবস্থান বদলান। বৈঠকে সামরিক নেতৃত্ব পরিস্থিতির ঝুঁকি তুলে ধরেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন সরাসরি ট্রাম্পকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানে বড় আকারের হামলা চালানো সম্ভব হলেও পাল্টা আক্রমণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্রুত সংকটে পড়তে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, লাগাতার হামলা চালিয়ে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে কি না তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বরং সাম্প্রতিক হামলায় ইরানের ভেতরে জাতীয়তাবাদী ঐক্য আরও জোরদার হয়েছে এবং জনগণ বিদেশি হুমকির বিরুদ্ধে একত্রিত হচ্ছে।

এই কৌশলগত দ্বিধার মধ্যেই গত শুক্রবার ও শনিবার (২৫ জুলাই) রাতে ইরান-এর ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী।