সারাবিশ্ব

এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আগের মতো সামরিক পদক্ষেপে ফিরে যেতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে তিনি ‘কাজ শেষ করতে’ আবারও পদক্ষেপ নিতে পারেন। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের ক্ষতির পর ইরানের অবকাঠামো পুনর্গঠনে দেশটির অনেক বছর সময় লাগবে।

ট্রাম্প বলেন, ইরানের সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হলে এক ঘণ্টারও কম সময়ে দেশটির অধিকাংশ সেতু ধ্বংস করে দেওয়া সম্ভব। পাশাপাশি দেশটির বিদ্যুৎকেন্দ্রেও হামলার সক্ষমতার কথা উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে জটিল অবকাঠামোর মধ্যে বিদ্যুৎকেন্দ্র অন্যতম এবং সেতু নির্মাণেও দীর্ঘ সময় প্রয়োজন হয়। তবে তিনি জানান, সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য পানি সরবরাহকারী স্থাপনা বা ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালাতে চান না।

তার ভাষ্য, এসব স্থাপনায় হামলা করলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, তাই তিনি এমন পদক্ষেপ নিতে চান না।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

সূত্র : সিএনএন