সারাবিশ্ব

ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম

ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ মিনিটব্যাপী বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর পর এটি ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর অষ্টম বৈঠক।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলাদা কোনো একান্ত বৈঠক হয়নি। পুরো ইসরায়েলি প্রতিনিধিদল, ট্রাম্পের উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতেই আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে, নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়নি। বৈঠক শেষে দুই পক্ষের পক্ষ থেকেও কোনো যৌথ বক্তব্য দেওয়া হয়নি।

নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে উত্থাপন করেননি।