সারাবিশ্ব

ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডার কমে যাওয়ার তথ্য ফাঁস, হতাশ ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডার কমে যাওয়ার তথ্য ফাঁস, হতাশ ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ কিছু গোলাবারুদ কমে যাওয়ার তথ্য প্রকাশ পাওয়ায় ব্যক্তিগতভাবে হতাশ হয়েছেন ট্রাম্প। তার আশঙ্কা, এ ধরনের তথ্য প্রকাশ যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে পারে। অথচ ইরানের ওপর সামরিক চাপ বাড়িয়ে দেশটিকে একটি চুক্তিতে বাধ্য করার অবস্থানে রয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উত্থাপন করেন ট্রাম্প। গণমাধ্যমে অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর গুরুত্ব দিয়ে প্রচার হওয়ায় তিনি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন।

অন্যদিকে, সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অস্ত্রের সম্ভাব্য সংকট সম্পর্কে কয়েক মাস ধরেই অবগত ছিলেন ট্রাম্প। ফলে তার অসন্তোষের মূল কারণ মজুত কমে যাওয়া নয়; বরং এই সংবেদনশীল তথ্য প্রকাশ্যে আসা এবং তা নিয়ে জনসমক্ষে বাড়তে থাকা আলোচনা।

এদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত নতুন অস্ত্র উৎপাদন করে সরবরাহও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক অস্ত্র কারখানা ও উৎপাদনকেন্দ্র বর্তমানে প্রতিরক্ষা খাতে গড়ে তোলা হচ্ছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের সরবরাহ তুলনামূলকভাবে সীমিত। পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছু গোলাবারুদের মজুত ‘কঠিন অবস্থায়’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও কম উন্নত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহ প্রায় সীমাহীন বলে দাবি করেন।

এ ঘটনায় তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। কে বা কারা এই সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে, তা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এমনকি তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলেও সতর্ক করেছেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর এ ঘটনায় ট্রাম্পের কোনো ক্ষোভ নেই। বরং অস্ত্রভাণ্ডারের তথ্য ফাঁসকারীদের লক্ষ্য করেই তার প্রতিক্রিয়া।

আরও জানা গেছে, প্রশাসনের ভেতর থেকে কারা এই তথ্য প্রকাশ করেছে, তা শনাক্ত করতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তথ্য ফাঁসকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।