সারাবিশ্ব
চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুটের সাপ, তারপর যা ঘটল
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা সাপ বেরিয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা এক নারী ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার একটি ভিডিও ধারণ করেন ওই নারী। পরিবারের সঙ্গে টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায় ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতে যাচ্ছিলেন তারা। পথে গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান ওই নারী। প্রথমে তার মনে হয়, বনেটের ওপর হয়তো বড় কোনো সাপ রয়েছে। পরে তার স্বামীও বিষয়টি দেখে নিশ্চিত হন যে সেটি সত্যিই একটি সাপ।
সাপটি দেখতে পাওয়ার পর পরিবারের সদস্যরা গাড়ি রাস্তার পাশে থামিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে সরে যায়।
টেনেসি বন্যপ্রাণী সম্পদ সংস্থার জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেট ভিডিওটি দেখে জানান, সাপটি সম্ভবত ধূসর ইঁদুর সাপ। এ প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসি অঙ্গরাজ্যে এটি বেশ পরিচিত।
চলন্ত গাড়ির বনেট বা উইন্ডস্ক্রিনে সাপ উঠে আসার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ওকলাহোমার দ্য ভিলেজ এলাকায় চলন্ত একটি গাড়িতে সাপ উঠে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেয়।